Take a fresh look at your lifestyle.

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি

দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুরু হতে চলেছে অযোধ্যা মামলার শুনানি। ১০ ই জানুয়ারি, বৃহস্পতিবার, এই সাংবিধানিক বেঞ্চ জানাবে, কবে থেকে শুরু হবে অযোধ্যা রাম মন্দির ও বিতর্কিত জমি মামলার শুনানি। বহু চর্চিত প্রায় ৬০ বছর ধরে রাজনীতির কেন্দ্রে থাকা এই মামলার শুনানির জন্য পাঁচ সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছে, সেখানে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও থাকছেন বিচারপতি এস এ বোব্দে, এন ভি রামানা, ইউ ইউ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
এর আগে গত অক্টোবর মাসে উত্তর প্রদেশ সরকাররের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল, যাতে দ্রুত এই মামলার শুনানি শুরু হয়। কিন্তু কোর্ট সে সময় জানিয়ে দেয়, নতুন বছরে হবে অযোধ্যা মামলার শুনানি। এরপরই বিজেপির উপর চাপ বাড়াতে শুরু করে বজরং দল, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদসহ একাধিক সংগঠন। তাদের দাবি, প্রয়োজনে নয়া অধ্যাদেশ এনে, জমি অধিগ্রহণ করে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ প্রশস্ত করুক কেন্দ্র। দ্রুত রাম মন্দিরের দাবিতে অযোধ্যায় বিতর্কিত এলাকার কাছে সম্প্রতি ধর্ম সংসদও করে ভিএইচপি। শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেও বিষয়টি নিয়ে কেন্দ্রকে এক হাত নিয়ে জানিয়েছেন, কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বিজেপি মন্দির গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন দ্রুত সেই প্রতিশ্রুতি পালন করুক তারা। নইলে পরেরবার ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি।
বিজেপি শীর্ষ নেতৃত্বও চাইছে, দ্রুত শুনানি শেষ করে অযোধ্যা রাম মন্দির ও বিতর্কিত জমি ইস্যুতে নিজেদের রায় জানাক শীর্ষ আদালত। সম্প্রতি প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, আদালতে প্রভাব বিস্তার করে শুনানি পিছিয়ে দিচ্ছে কংগ্রেস। পরে সংবাদসংস্থা এএনআই’কে মোদী জানান, আগে আদালত এই মামলায় রায় দিক, তারপর অযোধ্যায় রাম মন্দির নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

Comments are closed.