Take a fresh look at your lifestyle.

মোদী জিতলে দেশ ছাড়বেন, শাবানা আজমিকে নিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল, ফ্যাক্ট চেকিংয়ে পর্দাফাঁস মিথ্যের কারবারের

২০১৯ সালে ফের নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে দেশ ছাড়বেন শাবানা আজমি। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এমন খবর। বিভিন্ন ইস্যুতে বিজেপির প্রকাশ্যে সমালোচনা ও সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের সমর্থনে প্রচারে অংশ নেওয়া বিখ্যাত অভিনেত্রী, বরাবরই সাম্প্রদায়িক রাজনীতির তীব্র সমালোচক। এই প্রেক্ষিতেই ক’দিন আগে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। শাবানা আজমির ছবি দেওয়া ওই পোস্টে বলা হয়, মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলে নাকি ভারত ছাড়বেন, বলে নিজেই জানিয়েছেন শাবানা আজমি। বিজেপি সমর্থকরাও এই পোস্টের নিরিখে সোশ্যাল মিডিয়ায় শাবানাকে নিদান দিয়েছেন, তল্পিতল্পা গুছিয়ে তৈরি হয়ে থাকতে। ফের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলেই তাঁকে দেশ থেকে তাড়ানো হবে। শাবানাকে নিয়ে নেটিজেনদের কেউ কেউ অশালীন মন্তব্যও করেছেন।
কিন্তু পোস্টেটির আদৌ কোনও সত্যতা আছে কি? সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ তাদের ফ্যাক্ট চেকিংয়ে জানিয়েছে, শাবানা আজমিকে নিয়ে ভাইরাল হওয়া পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। অভিনেত্রী নিজেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি এমন কোনও মন্তব্য করেননি। তাঁর নাম করে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন শাবানা। অভিনেত্রীর যে ছবিটি ভাইরাল হয়েছে সেটিও এক বছরের পুরোনো একটি ছবি বলে ইন্ডিয়া টুডের রিভার্স সার্চে জানা গিয়েছে।
এই প্রেক্ষিতে শাবানা বলেন, এ দেশে তিনি জন্মেছেন, এখানেই তাঁর মৃত্যু হবে। দেশ ছাড়ার কোনও পরিকল্পনা তাঁর নেই, বলে জানান শাবানা আজমি। এই ভুয়ো খবর যারা প্রচার করছেন, তাদের তীব্র নিন্দা করে শাবানা বলেন, নিজেদের সঙ্গে অন্যদের মত না মিললেই এক ধরনের মানুষ এই সব ভুয়ো খবর ছড়ান, যা বিদ্বেষমূলক ও হাস্যকর।

Comments are closed.