Take a fresh look at your lifestyle.

ভূষণ স্টিলের বিরুদ্ধে ১,৭৭৪ কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগ এলাহাবাদ ব্যাঙ্কের, আরবিআইয়ে অভিযোগ দায়ের

পিএনবি’র পর এবার এলাহাবাদ ব্যাঙ্ক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতোই কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার হল আরেকটি রাষ্টায়ত্ত ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক। ঘটনায় তীব্র চাঞ্চল্য। ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেড বা বিপিএসএলের বিরুদ্ধে ১ হাজার ৭৭৪ কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক। শনিবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
আরবিআইয়ের কাছে এলাহাবাদ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফরেনসিক অডিট ও সিবিআইয়ের দায়ের করা মামলা থেকে জানা গিয়েছে, ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেড মোট ১ হাজার ৭৭৪ কোটি ৮২ লক্ষ টাকা ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত।
শুধু এলাহাবাদ ব্যাঙ্ক নয়, গত সপ্তাহে এই সংস্থার বিরুদ্ধে একই অভিযোগ আনে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। পিএনবি’র অভিযোগ, বিপিএসএলের কাছে তাদের প্রাপ্য ৩ হাজার ৮০৫ কোটি ১৫ লক্ষ টাকা। পিএনবি’র থেকে নেওয়া ৮৫ শতাংশ অর্থই বিদেশে পাচার করা হয়েছে বলে সংশ্লিষ্ট স্টিল কোম্পানির বিরুদ্ধে অভিযোগ।
সিবিআই সূত্রে খবর, কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেডের তরফে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, আইডিবিআই ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্কের মাধ্যমে পিএনবি’র থেকে ঋণ হিসেবে নেওয়া প্রায় ২ হাজার ৩৪৮ কোটি টাকা সরিয়ে ফেলা হয়। এই প্রেক্ষিতে চলতি বছরের এপ্রিল মাসে বিপিএসএলের চেয়ারম্যান সুনীল সিঙ্ঘল ও তাঁর স্ত্রী তথা সংস্থার ভাইস চেয়ারম্যান আরতি সিঙ্ঘলের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই। একইভাবে এলাহাবাদ ব্যাঙ্কের তরফে আরবিআইকে জানানো হয়েছে, ব্যাঙ্ক ঋণের অর্থের অপব্যবহার করেছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেড।
এই প্রেক্ষিতে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যালে বিপিএসএলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি ব্যাঙ্ক এই সংস্থার বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ আনতে পারে বলে মনে করা হচ্ছে।

Comments are closed.