Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

ইভিএম কারচুপির অভিযোগ ঘিরে উত্তেজনা উত্তর প্রদেশ, বিহারে, স্ট্রং রুমে পাহারা বিরোধীদের, দরবার কমিশনে

ইভিএম নিয়ে তুঙ্গে চাপানউতোর

ইভিএম কারচুপির অভিযোগ ঘিরে উত্তেজনা উত্তর প্রদেশ, বিহারে, স্ট্রং রুমে পাহারা বিরোধীদের, দরবার কমিশনে

ইভিএম কারচুপির অভিযোগে তোলপাড় উত্তর ভারত। উত্তর প্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানায় ইভিএমে কারচুপি এবং প্রাইভেট গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সমাজবাদী পার্টির।

সোমবার সকালে একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, উত্তর প্রদেশের চান্দৌলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি গণনা কেন্দ্রের সামনে একটি গাড়ি থেকে ইভিএম নামানো হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সেই কেন্দ্রের সমাজবাদী পার্টির প্রার্থী সরকারি আধিকারিকদের প্রশ্ন করছেন, ভোট মেটার একদিন পর কেন ইভিএম নাড়াচাড়া করা হচ্ছে? কমিশন অবশ্য কারচুপির অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের দাবি, ওই ইভিএমগুলো রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল। নিয়ম অনুযায়ী, ভোট মেটার পর ব্যবহৃত ইভিএমের সঙ্গে অব্যবহৃত ইভিএমও স্ট্রং রুমে রেখে দিতে হয়। কিন্তু এক্ষেত্রে কেন নিয়মের বদল হল, তা নিয়ে কোনও মন্তব্য করেনি কমিশন। অন্যদিকে, পূর্ব উত্তর প্রদেশের গাজ়িপুরে বসপা প্রার্থী আফজল আনসারি স্ট্রং রুমের সামনে ধরনায় বসেন। সোমবার রাতে গাড়িতে ইভিএম ভরার খবর পেয়ে স্ট্রং রুমে পৌঁছন আফজল আনসারি। তাঁর দাবি, তাদের তৎপরতা রুখে দিয়েছে কারচুপির প্রচেষ্টা। এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। পরে জেলার রিটার্নিং অফিসার আফজলকে আশ্বস্ত করার পর ধরনা তুলে নেওয়া হয়। আফজলের অভিযোগ, পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন কেন্দ্রে এভাবেই ইভিএমে কারচুপি করা হচ্ছে।

গত মঙ্গলবার, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির কর্মীরা ডোমারিয়াগঞ্জ আসনের গণনা কেন্দ্রের সামনে একটি মিনি ট্রাককে আটক করেন। অভিযোগ, মিনি ট্রাকে ভরা হচ্ছিল ইভিএম। সপা-বসপার যৌথ বিক্ষোভের মুখে পড়ে ফের ইভিএম স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। যদিও জেলা প্রশাসন ইভিএমে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রশাসনের বক্তব্য, অতিরিক্ত ইভিএমগুলো ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। একই অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের মউ, ঝাঁসি, মির্জাপুর সহ বিভিন্ন জায়গায়। পাশের রাজ্য বিহার, হরিয়ানা, পাঞ্জাব থেকেও ইভিএমে কারচুপির অভিযোগ করছেন বিরোধী নেতারা। বিহারের মহারাজগঞ্জ এবং সারনেও একইভাবে গাড়িতে করে ইভিএম পাঠানো হচ্ছে বলে অভিযোগ আরজেডি নেতা তেজস্বী যাদবের। কেন ইভিএম নাড়াচাড়া করা হচ্ছে কিংবা কোন উদ্দেশে গাড়িতে ইভিএম ভরে এদিক ওদিক নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। কমিশনের কাছে এই প্রসঙ্গে দ্রুত বিবৃতি প্রকাশের দাবি জানিয়েছেন তেজস্বী।

আরও পড়ুন: Indian Railways: দূরপাল্লার ট্রেনে বাতিল প্যান্ট্রি কার, এবার আসছে ১৬০ কিমি গতির ‘হট বুফে’ কোচ

মঙ্গলবারই ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে উদ্বেগ জানাতে নির্বাচন কমিশনে যাচ্ছেন বিরোধীরা। মোট ২১ টি বিরোধী রাজনৈতিক দল কমিশনের কাছে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে অভিযোগ জানাবে। বিরোধীদের দলে থাকবে তৃণমূলও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation