Take a fresh look at your lifestyle.

শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে দেবী বন্দনায় মাতলেন কনীনিকা

66

দেবীর বোধন শুরু হলো বলে। শরতের আকাশে পেঁজা তুলার মত মেঘ, কাশফুলের ভেলা, সমস্ত কিছুই জানান দিচ্ছে শারদ উৎসবের সূচনার ইঙ্গিত। নেতিবাচক সব প্রভাবকে সরিয়ে রেখে দেবীপক্ষে ঘটছে শুভ শক্তির জাগরণ। আর অভিনেত্রী কনীনিকা ভট্টাচার্যের ব্যক্তিজীবনেও যেন তার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন তিনি।

কিছুদিন আগেই চেন্নাই গিয়ে শিরদাঁড়ায় অস্ত্রপ্রচার করিয়ে এনেছেন। অপারেশনের পর শারীরিক এবং মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে গেলেও দেবী দুর্গার আবাহনের মুহূর্তে তার ভক্তদের সামনে নতুন ভাবে ধরা দিলেন। দুর্গাপূজার একটি অনুষ্ঠানে উদ্বোধন করতে গিয়ে নাচে গানে মাতিয়ে তুললেন দর্শকদের। সমস্ত শারীরিক জটিলতাকে ভুলে ক্ষনিকের জন্য হলেও প্রাণের আনন্দে লাল পাড় সাদা শাড়িতে ‘মা দুর্গার’ চরিত্রে নাচের মাধ্যমে রূপদান করলেন। সব মিলিয়ে, ‘জয় দুর্গা’ গানে বোধনের আগেই যেন এক জমজমাট অনুষ্ঠানের আবেশ তৈরী হল।

প্রথমে লাইভের মাধ্যমে এই নাচের ভিডিওটি রেকর্ড করলেও কিছুক্ষণ পর তা কোনওভাবে ডিলিট হয়ে যায়। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “আমার লাইভগুলো কালকের শোয়ের বুঝলাম না কী কারণে ফেসবুক সরিয়ে নিল। কেউ নিশ্চয়ই কমপ্লেন দিয়েছে… খুব দুঃখের! সার্জারির পর মনে জোর এনে পারফরম্যান্সটা করলাম। ঊর্মীমালাকে ধন্যবাদ যে, অন্য ফোনে রেকর্ডিং করেছিল। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার।”

Comments are closed.