সপ্তাহের প্রথম থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ। এই পরিস্থিতিতে দক্ষিণে বৃষ্টি নিয়ে কিছুটা আশার কথা শোনাল হওয়া অফিস। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে খবর। অন্যদিকে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও এখনই পর্যাপ্ত বৃষ্টি পাচ্ছে না সমতলের বাসিন্দারা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কলকাতা সহ বাকি জেলাগুলোতে আগামী কয়েকদিন মেঘলা আকাশ সঙ্গে মাঝে মাঝে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পিঙ, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। পাশাপাশি বাতাসে আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে বলে হওয়া অফিস জানিয়েছে।




