Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

আর দেরি নয়, ১৮ মাসের মধ্যে শুরু করতে হবে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ, হুঙ্কার ভিএইচপির

কেন্দ্রের উপর রাম মন্দির ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ

আর দেরি নয়, ১৮ মাসের মধ্যে শুরু করতে হবে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ, হুঙ্কার ভিএইচপির

আর দেরি নয়, শুরু করে দিতে হবে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ। হরিদ্বারে মার্গদর্শক সমিতিতে আলোচনার পরেই রাম মন্দির গড়ার আবেদন জানানো হবে প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যনিবাহী সভাপতি অলোক কুমার। তাঁর দাবি, ১৮ মাসের মধ্যে শুরু করতে হবে মন্দিরের কাজ।
মোদী সরকারের দ্বিতীয়বার শপথগ্রহণের এক সপ্তাহ কাটতে না কাটতেই অযোধ্যায় রাম মন্দির তৈরিতে তাগাদা দেওয়া শুরু করে দিল বিশ্ব হিন্দু পরিষদ। বিজেপির নির্বাচনী ইশতাহার মনে করিয়ে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির সাফ কথা, রাম মন্দির তৈরির জন্য ‘অনির্দিষ্টকাল’ অপেক্ষা করতে রাজি নন তারা। আগামী ১৮ মাসের মধ্যে শুরু করতে হবে মন্দির নির্মাণের কাজ। কার্যনিবাহী সভাপতি অলোক কুমার বলেন, দুটি ব্যাপারে তাঁরা কোনও আপস করবেন না, প্রথম ইস্যু, ‘রামের জন্মভূমি’তেই নির্মাণ হবে রাম মন্দির। আর অন্যটি হল অযোধ্যার সংস্কৃতিক সীমানার মধ্যে থাকবে না কোনও মসজিদ। অলোক কুমার জানিয়েছেন, আগামী ১৯ ও ২০ শে জুন হরিদ্বারে ‘মার্গদর্শক সমিতি’র আলোচনায় রাম মন্দির নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তারপর একটি সঙ্কল্পপত্র তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন।
বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, লোকসভা ভোটের ইশতাহারেও তার উল্লেখ রয়েছে। বিজেপি সরকার টানা দ্বিতীয়বার ক্ষমতায় থাকার পর আর অপেক্ষা করতে চাইছে না হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
যদিও অযোধ্যা মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইব্রাহিম কলিফুল্লার নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলকে ভার দেওয়া হয়েছে অযোধ্যার বিতর্কিত জমি মামলার মধ্যস্থতার। আগামী ১৫ ই অগাস্টের মধ্যে সেই মধ্যস্থতা প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতকে। অন্যদিকে নরেন্দ্র মোদীও জানিয়েছিলেন, বিচার বিভাগের দিকে তাকিয়ে তাঁরা। আদালতের নির্দেশের প্রেক্ষিতে রাম মন্দির নির্মাণের পরবর্তী পদক্ষেপ করবে বিজেপি সরকার। তবে আদালতের সিদ্ধান্ত যাই হোক, আগামী ১৮ মাসের মধ্যে রাম মন্দির গড়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ।

আরও পড়ুন: প্রচারে থাকার ফন্দি! 5G মামলায় জুহি চাওলাকে ২০ লক্ষ টাকা জরিমানা দিল্লি হাই কোর্টের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation