Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গীকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া, বিতর্ক দেশজুড়ে

সবকটি মামলাই উদ্দেশ্যপ্রণোদিত, মন্তব্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর

একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গীকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া, বিতর্ক দেশজুড়ে

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় ফৌজদারি মামলা মিথ্যে প্রমাণিত হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছিল, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ওড়িশার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপচন্দ্র ষড়ঙ্গী।
মোদীর মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া বালাসোরের বিজেপি সাংসদকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড়। একদিকে কুঁড়ে ঘরে থাকা প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর সাধারণ জীবনযাপন, ছোট্ট ঝোলা কাঁধে সাইকেলে এলাকা পরিদর্শন, বিভিন্ন সমাজ সেবামূলক কাজে ব্যস্ত থাকা আর সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর সঙ্গে তুলনা টানা হচ্ছে নরেন্দ্র মোদীর। ভালোবেসে তাঁকে ‘ওড়িশার নরেন্দ্র মোদী’ নামেও ডাকছেন কেউ কেউ। কিন্তু বালাসোরের বিজেপি সাংসদের সাধারণ জীবনচর্চার পাশাপাশি, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি ফৌজদারি মামলার প্রেক্ষিতেও কম বিতর্ক হয়নি। যার মধ্যে অন্যতম, গ্রাহাম স্টেইনস হত্যা মামলা।
২০০২ সালে ওড়িশা বিধানসভায় হামলার অভিযোগে তৎকালীন বজরং দলের নেতা প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে গ্রেফতার করেছিল পুলিশ। তার আগে, ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ধর্মযাজক গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই সন্তানকে জীবন্ত পুড়িয়ে মারার মামলায় নাম জড়ায় প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর। এছাড়াও তাঁর বিরুদ্ধে রয়েছে দাঙ্গা বাধানোর মতো গুরুতর মামলা।
যদিও শুক্রবার সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেল এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে সমস্ত মামলাকে সাজানো বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। তাঁর কথায়, ওড়িশার পুলিশ ও সরকারি কর্মীদের দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের প্রতিশোধ নিতেই পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে তাঁকে। নানা সামাজিক বিষয়ে তাঁর লড়াই, দুর্নীতি পরায়ণ অফিসারদের চটিয়ে দিয়েছিল, তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে সাজানো মামলা করা হয় বলে দাবি করেছেন ‘ওড়িশার নরেন্দ্র মোদী’। তিনি জানান, ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলায় আদালত তাঁকে বেকসুর খালাস করেছে। বাকি মামলাগুলোতেও তাই হবে। এছাড়া গ্রাহাম স্টেইনস হত্যা মামলায় তাঁর কোনও যোগ নেই বলেও এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপচন্দ্র ষড়ঙ্গী।

আরও পড়ুন: দিল্লি থেকে বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর, কংগ্রেস প্রার্থী বিজেন্দ্র সিংহ, পঞ্জাবে সানি দেওলের নাম নিয়ে জল্পনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation