Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

৯০ টি ভুয়ো সংস্থা গড়ে ৬৬০ কোটির নজিরবিহীন জিএসটি জালিয়াতি, গ্রেফতার হরিয়ানার ব্যবসায়ী

ঘটনায় নড়েচড়ে বসেছে অর্থ মন্ত্রক

৯০ টি ভুয়ো সংস্থা গড়ে ৬৬০ কোটির নজিরবিহীন জিএসটি জালিয়াতি, গ্রেফতার হরিয়ানার ব্যবসায়ী

জিএসটির মাধ্যমে কর-জালিয়াতি রোখা যাবে বলে কেন্দ্রীয় সরকারি ঘোষণায় প্রশ্ন উঠে গেল হরিয়ানার এক ব্যক্তির কার্যকলাপে। খাতায় কলমে ৯০ টির বেশি সংস্থা খুলে, ভুয়ো চালানের মাধ্যমে জালিয়াতি করে ৬৬০ কোটি টাকা জিএসটি প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন হরিয়ানার সিরসার বাসিন্দা অনুপম সিংলা। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। এই নজিরবিহীন জিএসটি প্রতারণার ঘটনায় তীব্র চাঞ্চল্য অর্থমন্ত্রকে।
সূত্রের খবর, সিরসার অনুপম সিংলা ৯০ টি ভুয়ো সংস্থা খোলেন, যার একটিরও কোনওরকম উৎপাদন বা পরিষেবা নেই। মোট ১৭৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে চলত এই লেনদেনের কারবার।

কয়েকদিন আগে বিভিন্ন নামে প্রায় ১১০ টি ডেবিট ও ক্রেডিট কার্ড সহ হরিয়ানার সিরসা থেকে অনুপম সিংলা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গত ১৮ ই জুলাই থেকে অভিযুক্ত অনুপম সিংলা ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স বা ডিজিজিআইয়ের হেফাজতে রয়েছেন।
জানা গিয়েছে, অনুপম সিংলার নামে দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় ৯০ টি ভুয়ো সংস্থা রয়েছে। ভুয়ো চালানের মাধ্যমে এই সংস্থাগুলোর নামে প্রায় ৬৬০ কোটি টাকা জিএসটি প্রতারণা করার অভিযোগ অনুপম সিংলার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করার সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা ১১০ টি ক্রেডিট ও ডেবিট কার্ড। সেই সঙ্গে ১৭৩ টি ব্যাঙ্কের পাসবই ও ব্ল্যাঙ্ক চেক, বিভিন্ন ব্যক্তির পরিচয়পত্র, একাধিক মোবাইল ফোন ও প্রচুর সিম কার্ড পান তদন্তকারী অফিসাররা।
চলতি মাসেই দেশে জিএসটি চালুর ২ বছর পূর্ণ হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রক দাবি করেছিল কর ফাঁকি সহ বিভিন্ন আর্থিক প্রতারণা আটকাতে জিএসটি বিশেষ ভূমিকা নেবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সম্প্রতি সংসদে জানান, গত ২ বছরে ৪৫ হাজার ৬৮২ কোটি ৮৩ লক্ষ টাকার করফাঁকি ধরা পড়েছে। এছাড়া গত ২ বছরে ৯ হাজার ৩৮৫ টি জিএসটি ফাঁকি দেওয়ার ঘটনা সামনে এসেছে। কিন্তু গত ২  বছরে এই পরিমাণ জিএসটি প্রতারণার ঘটনা এই প্রথম। গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

 

আরও পড়ুন: রাস্তায় ট্র্যাফিক জ্যাম, তাহলে গাড়ি বাজারে মন্দা কীভাবে? ওসব বিরোধীদের কুৎসা, লোকসভায় মন্তব্য বিজেপি সাংসদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation