Take a fresh look at your lifestyle.

উন্নাও ধর্ষণ-কাণ্ডে বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড

উন্নাওয়ে ধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড হল। শুক্রবার তিস হাজারি আদালত এই সাজার কথা ঘোষণা করে। কয়েক দিন আগেই ওই আদালত কুলদীপকে ধর্ষণ-কাণ্ডে দোষী সাব্যস্ত করে।

২০১৭ সালে উন্নাওয়ে ওই ধর্ষণের ঘটনা নিয়ে গোটা দেশে তোলপাড় হয়। অভিযোগ ছিল, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার নানাভাবে কুলদীপকে আড়াল করার চেষ্টা করেছিল। জেল থেকেও কুলদীপ ধর্ষিতার পরিবারকে হুমকি দিত বলে অভিযোগ। ওই ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে পরিবারের সদস্যদের ট্রাকের ধাক্কায় মারার চেষ্টা হয়। ধর্ষিতার বাবা আগেই মারা যান। তাঁর কাকীমা এবং এক বোনেরও রহস্যজনকভাবে মৃত্যু হয়। চাপের মুখে পড়ে বিজেপি নেতৃত্ব কুলদীপকে দল থেকে বহিষ্কার করে, তার বিধায়ক পদও খারিজ হয়ে যায়।

Comments are closed.