Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্ট ১০ ই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিল অযোধ্যা মামলার শুনানি

দ্রুত মামলা শেষ করার জন্য আদালতের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি

৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্ট ১০ ই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিল অযোধ্যা মামলার শুনানি

অযোধ্যা মামলার শুনানি কবে শুরু হবে তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের ঘোষণা করার কথা ছিল শুক্রবার। এদিন সকালে আদালত শুরু হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দিলেন, আগামী ১০ জানুয়ারি অন্য বেঞ্চ ঠিক করবে কবে এবং এই মামলার শুনানি শুরু হবে। কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে তাও চূড়ান্ত হবে সেদিনই।
লোকসভা ভোট যত এগোচ্ছে অযোধ্যায় রাম মন্দির গড়া নিয়ে কেন্দ্র সরকারের ওপর তত চাপ বাড়াচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং একাধিক হিন্দু সংগঠন। সম্প্রতি খোদ প্রধানমন্ত্রী মোদী সুপ্রিম কোর্টের ওপর চাপ বাড়িয়ে অভিযোগ করেছেন, কংগ্রেস সুপ্রিম কোর্টকে চাপ দিয়ে অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে দিচ্ছে। এমনকী বছরের প্রথম দিন সাক্ষাৎকারেও একই অভিযোগ করে জানিয়েছিলেন, আগে সুপ্রিম কোর্টে রায় সামনে আসুক, তারপরই কেন্দ্র অযোধ্যায় রাম মন্দির ইস্যুতে সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, নতুন বছরের প্রথম শুক্রবার, ৪ জানুয়ারি শুনানি হবে অযোধ্যা জমি ও রাম মন্দির মামলার।
১৯৯২ সালের ৬ ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই বারবার সেখানে রাম মন্দির তৈরির দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। একই দাবি তুলেছে বিজেপিও। সেই সময় থেকেই এই মামলা আদালতের বিচারাধীন। মাঝে ২০১০ সালে এই মামলার রায় দেয় লখনউ হাইকোর্ট। সেই রায়ে হাইকোর্ট ওই বিতর্কিত জমিকে বিবাদমান সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা ও রাম লালার সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়ার পক্ষে নিজেদের মত দেয়। যার বিরুদ্ধে পরবর্তী কালে সুপ্রিম কোর্টে মামলা করে ১৪ টি সংগঠন।
সুপ্রিম কোর্টে মামলা আটকে থাকায় সমস্যায় পড়েছে সরকার। এই অবস্থায় সরকারের উপর চাপ বাড়াতে আরএসএস, বজরং দলগুলির মতো হিন্দুত্ববাদী সংগঠন দাবি করছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টকে এড়িয়ে, সংসদে নয়া অধ্যাদেশ এনে অযোধ্যায় বিতর্কিত জমি অধিগ্রহণ করে রাম মন্দির গড়ার পথ প্রশস্ত করুক কেন্দ্র। দ্রুত রাম মন্দির গড়ার দাবিতে সম্প্রতি অযোধ্যায় ধর্মসভারও আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ।

আরও পড়ুন: মুজফফরনগরের মতোই এবারও লোকসভা ভোটের জন্য বুলন্দশহরে দাঙ্গার পরিকল্পনা করা হচ্ছে, অভিযোগ কারাটের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation