Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

২০৪৭-এ স্বাধীনতার শতবর্ষ পালন হবে বিজেপি সরকারের তত্ত্বাবধানে, দাবি বিজেপি নেতা রাম মাধবের

জাতীয়তাবাদ ও বিজেপি সমার্থক, মন্তব্য রাম মাধবের

২০৪৭-এ স্বাধীনতার শতবর্ষ পালন হবে বিজেপি সরকারের তত্ত্বাবধানে, দাবি বিজেপি নেতা রাম মাধবের

বিপুল জয়ের আনন্দে উদ্বেল বিজেপির নেতা কর্মীরা। পরিস্থিতি এমন যে জনসভায় বক্তৃতা করতে গিয়ে কথার বাঁধ মানছে না নেতাদের। তেমনই একজন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব। শুক্রবার ত্রিপুরায় এক ধন্যবাদ-সভায় আরএসএস ঘনিষ্ঠ রাম মাধব বলেন, ২০৪৭ সালে ভারতের স্বাধীনতার শতবর্ষ উদযাপন হবে বিজেপি সরকারের তত্ত্বাবধানেই। ২০৪৭ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন ক্ষমতায় থাকবে বিজেপি। রাম মাধব আরও বলেন, ভোট আসবে যাবে, কিন্তু বিজেপি ও জাতীয়তাবাদ সবসময় সমার্থক থেকে যাবে।

প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করে রাম মাধব বলেন, ভারতে একটানা সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকার রেকর্ড আছে কংগ্রেসের। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, মোদীজি সেই রেকর্ড ভাঙতে চলেছেন। দেশ যে বছর স্বাধীনতা প্রাপ্তির শতবর্ষে প্রবেশ করবে, ২০৪৭ সালে বিজেপি সরকারের তত্ত্বাবধানেই পালন করা হবে একশোতম স্বাধীনতা দিবস। তবে ততদিন মোদীজিই প্রধানমন্ত্রী থাকবেন কিনা তা নিয়ে কিছু অবশ্য বলেননি বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

এখানেই থামেননি রাম মাধব। তাঁর দাবি, ২০২২ সালের মধ্যে মোদীজি ‘নিউ ইন্ডিয়া’ তৈরি করে ফেলবেন। যেখানে প্রত্যেকের মাথার উপর ছাদ থাকবে। বেকারত্ব নামে কোনও শব্দ থাকবে না। আর ২০৪৭ সালে ভারত তার শতবর্ষ স্বাধীনতা দিবস উদযাপন করবে বিশ্ব গুরু হিসেবে, সংযোজন রাম মাধবের। মনে রাখা দরকার, দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে,  গত সপ্তাহেই কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই দাবিতে সিলমোহর দিয়েছে।

আরও পড়ুন: ভেঙে গেল বিয়ে, বিবাহ বিচ্ছেদের মুখে দাড়িয়ে ভারতের সেরা ২ IAS

সম্প্রতি শেষ হওয়া লোকসভা ভোটে বিজেপি সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও দুর্দান্ত ফল করেছে। সে রাজ্যের দুটি লোকসভা আসনই দখল করেছে গেরুয়া শিবির। দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১৭ সালেই সেখানে ক্ষমতা দখল করেছে বিজেপি ও তার জোটসঙ্গীরা। এই প্রেক্ষিতে একটি ধন্যবাদ সভার আয়োজন করেছিল ত্রিপুরা বিজেপি। তাতে মুখ্য বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক রাম মাধব।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation