Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

তেলেঙ্গানায় পুরস্কারপ্রাপ্ত তহশিলদারের বাড়ি থেকে উদ্ধার প্রায় ১ কোটি টাকা, সোনা

বড়সড় দুর্নীতির অভিযোগ সরকারি অফিসারের বিরুদ্ধে

তেলেঙ্গানায় পুরস্কারপ্রাপ্ত তহশিলদারের বাড়ি থেকে উদ্ধার প্রায় ১ কোটি টাকা, সোনা
বছর দু’য়েক আগে ভালো কাজের জন্য তেলেঙ্গানা সরকারের পুরস্কার পেয়েছিলেন তহশিলদার বা মণ্ডল রেভিনিউ অফিসার ভি লাবণ্য। সেই অফিসারের বাড়ি থেকেই তেলেঙ্গানার দুর্নীতি দমন শাখার অফিসাররা অভিযান চালিয়ে উদ্ধার করলেন নগদ ৯৩ লক্ষ ৫০ হাজার টাকা সহ ৪০০ গ্রাম সোনা।
বর্তমানে তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার কিশামপেটের তহশিলদারের পদে থাকা সরকারি আধিকারিক ভি লাবণ্যর হায়দরাবাদের হায়াতনগরের বাসভবন থেকে এই নগদ টাকা ও সোনা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা।
কিছুদিন আগেই এক ভিলেজ রেভিনিউ অফিসার (ভিআরও) ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে ধরা পড়েছেন দুর্নীতি দমন শাখার অফিসারদের হাতে। সূত্রের খবর, একটি জমি সংক্রান্ত নথি ঠিক করে দেওয়ার জন্য ওই ভিআরও ৮ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন এক কৃষকের কাছে। যার মধ্যে ৫ লক্ষ টাকা নেবেন অভিযুক্ত তহশিলদার ভি লাবণ্য, বাকি ৩ লক্ষ টাকা নিজের জন্য দাবি করেন ওই ভিলেজ রেভিনিউ অফিসার। তাঁদের দাবি মতো ঘুষ পাওয়ার পরেই ওই অফিসার ভি লাবন্যের সঙ্গে যোগাযোগ করেন। ঠিক তখনই দুর্নীতি দমন শাখার অফিসাররা হাতেনাতে পাকড়াও করেন ওই ভিআরওকে।
পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় আর একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তহশিলদার ভি লাবণ্যের পা ধরে অনুরোধ করছেন এক কৃষক। অভিযোগ, ওই কৃষকের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ না পাওয়ায়, তাঁর পাস বই আটকে রেখেছিলেন ভি লাবণ্য। শুধু তাই নয়, ওই কৃষকের অনলাইনে একটি নথি ঠিক করার জন্য আরও কয়েক লক্ষ টাকা দাবি করেন অভিযুক্ত মণ্ডল রেভিনিউ অফিসার। এই প্রেক্ষিতেই তেলেঙ্গানার দুর্নীতি দমন বিভাগের অফিসাররা ভি লাবণ্যের বাড়িতে হানা দিয়ে এই বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করেন।
মাত্র দু’বছর আগে যিনি তহশিলদার হিসেবে দারুণ কাজ করে রাজ্য সরকারের পুরস্কার পেয়েছিলেন, সেই ভি লাবণ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৯ এর মে মাস পর্যন্ত অযোগ্যতা এবং দুর্নীতির দায়ে ৩১২ জন সরকারি অফিসারকে অবসর গ্রহণে বাধ্য করা হয়েছে বলে সম্প্রতি সংসদে এক তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী। এই প্রেক্ষিতে ভি লাবন্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation