Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

চন্দ্রবাবুর পর এবার আসরে শরদ পাওয়ার, জোট বেঁধে বিজেপিকে রুখতে বিরোধী নেতাদের ফোন

এনডিএকে রুখতে জোট দৌত্য শুরু শরদ পাওয়ারের

চন্দ্রবাবুর পর এবার আসরে শরদ পাওয়ার, জোট বেঁধে বিজেপিকে রুখতে বিরোধী নেতাদের ফোন

চন্দ্রবাবু নায়ডুর পর এবার শরদ পাওয়ার। বিরোধী দলগুলোকে একজোট করতে এবার ময়দানে এনসিপি প্রধান শরদ পাওয়ার। সূত্রের খবর, বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন শরদ পাওয়ার। চালাচ্ছেন জোট দৌত্য।

নির্বাচন মিটে গিয়েছে কিন্তু ফল প্রকাশ হয়নি এখনও। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল, নিজের মতো করে জোট প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে। এনডিএ শরিকদের নৈশভোজের মধ্যে দিয়ে একজোট করার কাজ চালাচ্ছে বিজেপি, অন্যদিকে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সপা প্রধান অখিলেশ যাদব ও বসপা সুপ্রিমো মায়াবতীর সঙ্গে। এবার বিজেপিকে রুখতে আসরে নামলেন বর্ষীয়ান শরদ পাওয়ার। সূত্রের খবর, শরদ পাওয়ার ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন মোহন রেড্ডি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির চন্দ্রশেখর রাও এবং ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যদি বিরোধীরা সরকার তৈরি করার মতো অবস্থায় আসে, তাহলে তাদের সমর্থন চেয়ে শরদ পাওয়ার ফোন করেছিলেন বলে জানা যাচ্ছে। নবীন পট্টনায়ক এবং কেসিআর, শরদ পাওয়ারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সূত্রের খবর। তবে এখনও জগন মোহন রেড্ডির সঙ্গে কথা বলে উঠতে পারেননি পাওয়ার। সূত্রের খবর, এনসিপি প্রধান যখন ওয়াইএসআর কংগ্রেসের প্রধানকে ফোন করেন, তখন জগন বিমানে সফর করছিলেন। তাই দু’জনের কথা হয়নি। শরদ পাওয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছেন চন্দ্রবাবু নায়ডু। মঙ্গলবার চন্দ্রবাবু দেখা করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সঙ্গেও।

এদিকে কংগ্রেসের তরফেও বিজেডি প্রধানের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। দুন স্কুলে নবীন পট্টনায়কের সহপাঠী মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ওড়িশার জন্য যে স্পেশাল প্যাকেজের ঘোষণা করবে, বিজেডি তাকেই সমর্থন দেবে বলেও শোনা যাচ্ছে।

আরও পড়ুন: ভারতে প্রথম চালকবিহীন ট্রেনের সূচনা দিল্লিতে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু করে দিলেন শরদ পাওয়ার। এখন সবার নজর, ২৩ শে মে ভোটবাক্স খোলার দিকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation