Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

বেকারত্বের হারে সবাইকে টপকে গেল ফেব্রুয়ারি, ভোটের মুখে সিএমআইই-র রিপোর্টে কপালে ভাঁজ মোদী সরকারের

নোটবন্দি-জিএসটি কাজ কেড়েছে ১ কোটিরও বেশি মানুষের বলছে সিএমআইই-র রিপোর্ট

বেকারত্বের হারে সবাইকে টপকে গেল ফেব্রুয়ারি, ভোটের মুখে সিএমআইই-র রিপোর্টে কপালে ভাঁজ মোদী সরকারের

এ বছর জানুয়ারিতে রেকর্ড গড়ে বেকারত্ব পৌঁছেছিল ৭.১ শতাংশে। আশা করা গিয়েছিল, ফেব্রুয়ারিতে তা কমে আসবে বেশ কিছুটা। কিন্তু সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র রিপোর্টে চোখ কপালে সরকারি কর্তাদের। বেকারত্ব কমা তো দূরের কথা বরং লাফিয়ে তা বেড়ে গিয়েছে বেশ খানিকটা। সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ভারতে বেকারত্ব ৭.২ শতাংশ। যা ভেঙে দিয়েছে আগের যাবতীয় রেকর্ড। গতবছর ফেব্রুয়ারিতে দেশে বেকারত্বের হার ছিল ৫.৯। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে যে হার ছিল মাত্র ৫ শতাংশ। শতাংশের হিসেব ছেড়ে কেবল সংখ্যার হিসেবে দেখলে, গতবছর দেশের আনুমানিক ৪০.৬ কোটি মানুষের হাতে রোজগার ছিল এ বছর ফেব্রুয়ারিতে তা কমে হয়েছে আনুমানিক ৪০ কোটি।

সিএমআইই-র রিপোর্টে দেখা যাচ্ছে, নোটবন্দি ও জিএসটির ফলে দেশে অন্তত ১ কোটি ১০ লক্ষ মানুষের রোজগার বন্ধ হয়েছে। এই প্রসঙ্গেই মনে করিয়ে দেওয়া যাক, মোদী সরকার গতমাসে সংসদে দাবি করেছিল, তাদের কাছে নোটবন্দির ফলে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও তথ্য নেই।

সিএমআইই-র এই রিপোর্ট তৈরি হয়েছে দেশজুড়ে ১০ হাজার মানুষের সঙ্গে কথা বলার ভিত্তিতে। এই রিপোর্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেশের বহু অর্থনীতিবিদ। এমনকি অনেকক্ষেত্রেই বেকারত্বের সরকারি রিপোর্টের থেকেও সিএমআইই-র রিপোর্টকে বেশি গুরুত্ব দেন অর্থনীতিবিদদের একাংশ।

আরও পড়ুন: Coronavirus: চিনে মৃতের সংখ্যা ছাড়াল ১,৩০০, পরিস্থিতির উপর নজর বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শিয়রে লোকসভা ভোট। ফের ক্ষমতায় ফিরতে মোদী সরকার দেশজুড়ে অতি-জাতীয়তাবাদের ঝড় তুলতে চাইছে বলে অভিযোগ বিরোধী দলের নেতাদের। এই প্রেক্ষিতে সিএমআইই-র রিপোর্ট মোদী সরকারের রাতের ঘুম কেড়ে নেবে বলেই অভিমত তাদের। বিরোধীদের আক্রমণ ও বেকারত্ব বৃদ্ধির রিপোর্ট, ভোটের মুখে এই জোড়া ফলা কীভাবে সামলান মোদী, সেটাই এখন দেখার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation