Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

লক্ষ্য বিশ্বমান: ২৪ টি ব্যস্ততম রুটে ট্রেন চালাবে বেসরকারি সংস্থা, কলকাতা থেকে রয়েছে অন্তত ৫ টি ট্রেন

বেসরকারি হাতে হাওড়া-মুম্বই, হাওড়া-চেন্নাই ট্রেন?

লক্ষ্য বিশ্বমান: ২৪ টি ব্যস্ততম রুটে ট্রেন চালাবে বেসরকারি সংস্থা, কলকাতা থেকে রয়েছে অন্তত ৫ টি ট্রেন

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলিতে ছুটবে বিশ্বমানের বেসরকারি ট্রেন। কলকাতা সহ দেশের ২৪ টি রুটের গুরুত্বপূর্ণ ট্রেন বেসরকারি হাতে তুলে দিয়ে রেল সংস্কারে আরও এক কদম এগোল মোদী সরকার।
কয়েকদিন আগেই রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব জানিয়েছিলেন, আরও ১৫০ টি ট্রেন বেসরকারিকরণের পথে যাচ্ছে ভারতীয় রেল মন্ত্রক। এবার জানা গেল, অত্যন্ত দ্রুততার সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ শহরের ২৪ টি ব্যস্ততম রুটের ট্রেন বেসরকারিকরণ করা হচ্ছে। যার মধ্যে রয়েছে এরাজ্যের হাওড়া-চেন্নাই, হাওড়া-মুম্বই, হাওড়া-পুরী, হাওড়া-টাটা, হাওড়া-পাটনা ইন্টারসিটির মতো ট্রেন। এছাড়াও কলকাতা থেকে গুরুত্বপূর্ণ রুটের আরও বেশ কয়েকটি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে পীযূষ গোয়েলের রেল মন্ত্রক।
সূত্রের খবর, রেল মন্ত্রক থেকে দেশের মোট ২৪ টি ব্যস্ততম রুটের ট্রেনকে বেসরকারিকরণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট জোনাল রেলওয়েগুলির কাছে ফিজিবিলিটি রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ শহরের মধ্যে দূরপাল্লা এবং রাতের ট্রেন, ইন্টারসিটি এবং সাব-আর্বান ট্রেনের বেসরকারিকরণের ব্যাপারে আগামী ২৭ শে সেপ্টেম্বর রেলওয়ে বোর্ডের একটি বৈঠক হবে। সেখানেই চিহ্নিত করা হবে কোন কোন ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। যে ২৪ টি রুটের ট্রেনকে বেসরকারিকরণের জন্য প্রাথমিক পর্যায়ে বাছাই করা হয়েছে, তার মধ্যে রয়েছে এ রাজ্যের বেশ কয়েকটি ট্রেন। যেমন দূরপাল্লা এবং রাতের ট্রেনের মধ্যে রয়েছে, হাওড়া থেকে চেন্নাই এবং মুম্বই যাওয়ার ট্রেন। এছাড়া হাওড়া-পুরী ইন্টারসিটি, হাওড়া টাটা ইন্টারসিটি এবং হাওড়া-পাটনা ইন্টারসিটি ট্রেন রয়েছে বেসরকারিকরণের তালিকায়। অন্যান্য ইন্টারসিটি ট্রেনগুলির মধ্যে রয়েছে, মুম্বই-আহমেদাবাদ, মুম্বই-পুনে, মুম্বই-অওরঙ্গাবাদ, দিল্লি-চণ্ডীগড়, দিল্লি-জয়পুর, সেকেন্দারবাদ-বিজয়ওয়াড়া, চেন্নাই-বেঙ্গালরু, চেন্নাই-মাদুরাই, এর্নাকুলাম-ত্রিভান্দ্রাম ইত্যাদি।

আরও পড়ুন: ইন্দিরার মতো আমাকেও মারবে নিরাপত্তারক্ষীরা, বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেজরিওয়ালের

দ্বিতীয় মোদী সরকারের ১০০ দিনের অ্যাকশন প্ল্যানে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার মধ্যে একদম প্রথমেই রয়েছে রেলের পর্যায়ক্রমিক বেসরকারিকরণ। লখনউ-দিল্লি এবং আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেসকে আইআরসিটিসির হাতে তুলে দিয়ে প্রথম বেসরকারিকরণের কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছে রেল মন্ত্রক। এবার মহানগরগুলোর ব্যস্ততম ২৪ টি রুটের ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে বেসরকারিকরণের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছে ভারতীয় রেল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation