Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

এরিকসনের ধার চোকাতে কলকাতায় সম্পত্তিতে হাত অনিল আম্বানীর? হাত পাততে পারেন দাদা মুকেশের কাছেও, খবর সূত্রের

এরিকসনের ধার চোকাতে কলকাতায় সম্পত্তিতে হাত অনিল আম্বানীর? হাত পাততে পারেন দাদা মুকেশের কাছেও, খবর সূত্রের

এরিকসনের ঋণ শোধ করতে কলকাতার সম্পত্তি বেচার পথে অনিল আম্বানী। সংস্থা সূত্রে অন্তত এমনটাই খবর।

বুধবার সুপ্রিম কোর্ট অনিল আম্বানীর রিলায়েন্স কমিউনিকেশন এবং তার দুই ডিরেক্টরকে ৪ সপ্তাহের মধ্যে সুইডিশ সংস্থা এরিকসনকে ৪৫০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেয় অন্যথায় আদালত অবমাননার অভিযোগে ৩ মাসের জেল হবে, বলে সাফ জানিয়ে দেয় শীর্ষ আদালত। এই প্রেক্ষিতেই এবার ঋণ শোধ করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনায় বসে অনিল আম্বানীর সংস্থা। আলোচনায় ঠিক হয়, দেশের বিভিন্ন জায়গায় থাকা আবাসন প্রকল্প বিক্রি করে ঋণ শোধের টাকার একটা অংশ তোলা হবে। কলকাতা ও চেন্নাইয়ে থাকা আবাসন প্রকল্পের সম্পত্তি বিক্রি করার বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলেও সূত্রের খবর।

কিন্তু শুধু আবাসন প্রকল্পের সম্পত্তি বিক্রি করে ঋণের পুরো টাকা তোলা যে সম্ভব নয় তা বুঝতে পারছেন সংস্থার কর্তারা। সেক্ষেত্রে দাদার শরণে যেতে পারেন অনিল, বলে সূত্রের খবর। ধীরুভাই আম্বানীর বড়ছেলে তথা এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানীর সংস্থা জিও, অনিলের আর কমের কাছ থেকে অপটিক ফাইবার কিনতে ৫ হাজার কোটি টাকার চুক্তি করেছিল। এখনও পর্যন্ত যার মাত্র ৭৮০ কোটি টাকা আর কম পেয়েছে। বকেয়া অর্থ দ্রুত দেওয়ার জন্য অনিল আম্বানী দাদা মুকেশ আম্বানীর কাছে দরবার করতে পারেন বলেও সূত্রের খবর।

আরও পড়ুন: ভারতের অর্থনীতি এ বছর ১০.৫% হারে সঙ্কুচিত হবে, বলছে Fitch রেটিংস, উভয় সঙ্কটে কেন্দ্র

বৃহস্পতিবার অনিল আম্বানীর সংস্থা বিবৃতি দিয়ে জানায়, সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই তাদের ১১৮ কোটি টাকা জমা করা আছে। পাশাপাশি সেদিনই নিজের হাতে থাকা রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্সিওরেন্সের ৪২ শতাংশ শেয়ারও বিক্রি করে ঋণ পরিশোধের টাকা তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অনিল আম্বানী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation