Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

শেষ ৬ মাসে দেশের গাড়ি শিল্পে অভূতপূর্ব পতন, মারুতি, হিরো, টাটার বিক্রি তলানিতে

গাড়ি শিল্পের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও মন্দার আশঙ্কা

শেষ ৬ মাসে দেশের গাড়ি শিল্পে অভূতপূর্ব পতন, মারুতি, হিরো, টাটার বিক্রি তলানিতে

কয়েক দশকের মধ্যে এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে সবচেয়ে তলানিতে দেশের গাড়ি শিল্প। আর ক্ষতির বহরে সবচেয়ে এগিয়ে গাড়ি শিল্পের একেবারে প্রথম দিকের সংস্থাগুলো। লক্ষণীয়ভাবে কমেছে চার চাকা ও দু’চাকার গাড়ি বিক্রি। ইংরেজি দৈনিক দ্য ইকনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে, ভারতীয় যাত্রীবাহী গাড়ির বাজার গড়ে প্রায় ২৫ শতাংশ কমেছে। বাণিজ্যিক গাড়ি বিক্রি হ্রাস পেয়েছে ২০ শতাংশ এবং দু’চাকার গাড়ি বিক্রি কমেছে ১৫ শতাংশ। এর প্রভাব ২০২০ আর্থিক বছরে গাড়ি বিক্রিতেও পড়বে বলে আশঙ্কা।
দেশের প্রথম সারির পাঁচটি গাড়ি নির্মাণকারী সংস্থার মধ্যে মারুতি সুজুকি, হিরো মোটোকর্প এবং টাটা মোটরস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মারুতি সুজুকির বিক্রি কমেছে ২৫ শতাংশেরও বেশি। হিরো মোটোকর্পের মোট বিক্রি কমেছে ১৫ শতাংশ। একই হারে বিক্রি ধাক্কা খেয়েছে পণ্যবাহী গাড়ি বিক্রিতে দেশে এক নম্বর টাটা মোটর্সেরও।
আর্থিক মন্দা, গাড়ির রেজিস্ট্রেশন এবং বিমার বেড়ে চলা খরচ ইত্যাদি ইস্যু মিলিয়ে গাড়ির চাহিদা কমিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রেসিডেন্ট তথা সিয়াম প্রেসিডেন্ট রাজন ওয়াধেরার কথায়, দেশের অর্থনীতির হাল কেমন, তা বোঝা যায় দেশে বাণিজ্যিক গাড়ির বিক্রির হারের দিকে তাকালেই। পাশাপাশি, বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ফলে গাড়ি বাজারের এই দুর্দশা বলে মন্তব্য করেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার প্রেসিডেন্ট। এদিকে, গত ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন সেফটি রেগুলেশন সহ দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে গাড়ির দাম প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। কিন্তু নগদ টাকার অভাব, গাড়ির রেজিস্ট্রেশন ও বিমার খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় গ্রাহকরা মুখ ফিরিয়েছেন। তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মতো কড়া হারে জিএসটি লাগু হওয়াকেও গাড়ি বাজারের মন্দার কারণ হিসাবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
তবে অটোমোবাইল সংস্থাগুলির একাংশ জানাচ্ছে, উৎসবের মরসুমে গাড়িতে বিশেষ ডিসকাউন্ট অনেকটাই কাজে এসেছে। বিশাল অঙ্কের ছাড় আর উৎসবের আনন্দে সেপ্টেম্বর-অক্টোবর মাসে গাড়ি বিক্রি তুলনামূলকভাবে বেড়েছে। খুচরো বাজারে বিক্রি বাড়লেও বিএস-৪ থেকে বিএস ৬ বিধিতে পরিবর্তনের ফলে পাইকারি বাজারে মন্দার প্রভাব আপাতত জারি থাকবে বলে মন্তব্য করেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা।
তবে এই প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মারুতি সুজুকির চেয়ারম্যান আর সি ভার্গব। যাত্রী পরিবাহী গাড়ির বাজার এখন তলানিতে। এখন যা অবস্থা, উৎসবের মরসুমে তার থেকে বিক্রি কমার সম্ভাবনা প্রায় নেই। তাই আগামী দিনে হাল ফেরার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
যাত্রীবাহী গাড়ি তৈরিতে বাজারের সেরা মারুতি সুজুকির চেয়ারম্যানের আশার বাণীতে বাজারের পরিস্থিতি বদল হবে কিনা তা বলবে সময়, তবে গাড়ি শিল্পে এমন দীর্ঘমেয়াদী মন্দা অভূতপূর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: দেশজুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের ছুটি, বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে শুভেচ্ছা নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation