Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

রাজ্য সরকার বিরোধী আন্দোলনের আগেই ছেলে সহ গৃহবন্দি চন্দ্রবাবু নায়ডু, বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তপ্ত অন্ধ্র

গণতন্ত্রের কালো দিন, বললেন চন্দ্রবাবু

রাজ্য সরকার বিরোধী আন্দোলনের আগেই ছেলে সহ গৃহবন্দি চন্দ্রবাবু নায়ডু, বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তপ্ত অন্ধ্র

জগন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আত্মাকুরু চলোর ডাক দিয়েছিলেন চন্দ্রবাবু নায়ডু। কিন্তু মিছিলে যোগ দিতে অমরাবতীর বাড়ি থেকে বেরোতেই তাঁকে গৃহবন্দি করল অন্ধ্র পুলিশ। একইসঙ্গে গৃহবন্দি করা হয়েছে চন্দ্রবাবুর ছেলে পি লোকেশ সহ একাধিক টিডিপি শীর্ষ নেতাকে।

ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বাধা পেয়ে ওয়াইএসআরসিপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু। গণতন্ত্রের পক্ষে এক কালো দিন বলে অভিহিত করেছেন তিনি। পাশাপাশি পুলিশ ও রাজ্য প্রশাসনের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, এভাবে গ্রেফতার করে তাদের আটকানো যাবে না। জগন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ করেছেন চন্দ্রবাবু। রাজ্যের দমন নীতির প্রতিবাদে বুধবার রাত ৮ টা পর্যন্ত প্রতীকি অনশনে বসেন অন্ধ্রের বিরোধী দলনেতা। গৃহবন্দি দশা কাটলেই তিনি আত্মাকুরু চলো আন্দোলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, চন্দ্রবাবু আন্দোলনস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই তাঁকে গৃহবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গত ২ বছরে কাজ হারিয়েছেন ৫০ লক্ষ, নোটবন্দির পরই শুরু প্রবণতা, বলছে নতুন রিপোর্ট

লোকসভা ভোটের সময় একইসঙ্গে অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত হয়ে বিধানসভা নির্বাচনও। লোকসভার মতোই বিধানসভাতেও বাজিমাত করেন জগন মোহন রেড্ডি। রাজ্যে সরকার তৈরি করে ওয়াইএসআর কংগ্রেস। তারপর থেকেই গ্রামীণ অন্ধ্রে সন্ত্রাসের অভিযোগ করছে চন্দ্রবাবুর টিডিপি। গুন্টুর জেলা সহ বিভিন্ন এলাকায় তাঁদের ৮ কর্মীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ চন্দ্রবাবু নায়ডুর। রাজনৈতিক সংঘর্ষে এখনও আগুন জ্বলছে গুন্টুর জেলার পালনাডু এলাকায়। প্রতিপক্ষকে শেষ করতে জগন রেড্ডি পুলিশের পাশাপাশি দলের ক্যাডারদেরও নামিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিরোধী টিডিপির। যদিও সন্ত্রাসের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি। রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে এখন চন্দ্রবাবু মিথ্যে রটিয়ে মানুষের কাছে পৌঁছতে চাইছেন বলে দাবি রেড্ডির দলের। টিডিপির পাল্টা একই জায়গায় মিছিল করার ডাক দিয়েছে ওয়াইএসআরসিপি।

এই দুই মিছিলের ডাক ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অন্ধ্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। উত্তেজনা প্রবণ এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation