সম্প্রতি সর্বভারতীয় ইংরাজি ম্যাগাজিন ক্যারাভ্যানে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজেপি শীর্ষ নেতৃত্বকে কোটি কোটি টাকা দিয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। প্রতিবেদনের দাবি ছিল, আয়কর দফতরের কাছে ইয়েদুরাপ্পার যে সকল নথি জমা আছে সেখান থেকেই এই তথ্য পাওয়া গেছে। অভিযোগ, ২০০৯ সালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের হাতে এই ডায়েরি লিখেছিলেন ইয়েদুরাপ্পা। সেখানে নাকি তিনি লিখেছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব, আইনজীবী, বিচারপতিদের তিনি ১৮০০ কোটি টাকা দিয়েছেন।
ক্যারাভান ম্যাগাজিনের খবরে প্রকাশ, বিজেপির কেন্দ্রীয় কমিটিকে দেওয়া হয়েছে ১ হাজার কোটি টাকা। অরুণ জেটলি ও নিতিন গডকরিকে দেওয়া হয়েছে ১৫০ কোটি টাকা করে। রাজনাথ সিংহ পেয়েছেন ১০০ কোটি টাকা। লালকৃষ্ণ আডবানি ও মুরলি মনোহর জোশীকে তিনি দিয়েছেন ৫০ কোটি টাকা করে। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই ঘটনার সত্যতা স্বীকার করেনি বিজেপি নেতৃত্ব। গোটা প্রতিবেদন ও অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন বিএস ইয়েদুরাপ্পাও।
এবার এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি তুলল সিপিএম। শনিবার সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, এত গুরুতর অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন। সিবিআই এবং ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম উল্লেখ করে কারাট জানিয়েছেন, এই সংস্থাগুলি বর্তমানে কেন্দ্রীয় সরকারের হাতের মুঠোয় রয়েছে। তাই তাদের দিয়ে তদন্ত করালে সত্য প্রকাশ্যে আসবে না। তাদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। গোটা ঘটনার তদন্ত সুপ্রিম কোর্ট বা সংশ্লিষ্ট হাইকোর্টের তত্ত্বাবধানে করার দাবি জনিয়েছেন তিনি।
বিরোধীরা তদন্তের দাবি জানালেও, বিজেপির তরফে এই ইস্যুতে আত্মপক্ষ সমর্থনে ময়দানে নামানো হয়েছে অরুণ জেটলিকে।
আরএসএসের ইংরেজি মুখপত্র ‘অর্গানাইজার’এ রবিবার অরুণ জেটলি লিখেছেন, বর্তমানে এক শ্রেণির সংবাদমাধ্যম যে টিআরপি’র লোভে ভুল, মিথ্যা, ভিত্তিহীন খবর পরিবেশন করছে এই ঘটনা তার প্রমাণ।
জেটলির দাবি, বিষয়টি নিয়ে কংগ্রেসের অভিযোগও ভিত্তিহীন। কারণ সিবিডিটি জানিয়েছে, যে ডায়রির কথা বলা হয়েছে, সেই ডায়রির বিভিন্ন পাতার ফটোকপি কংগ্রেস নেতারাই আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দিয়েছিলেন। জেটলির দাবি, ইয়েদুরাপ্পা তদন্তকারীদের জানিয়েছেন, ওই ডায়রি এবং সেখানে করা সই যে তাঁর না সে প্রমাণ তিনি দিতে রাজি আছেন।
বিজেপি নেতাদের টাকা ‘দেওয়া’ নিয়ে ইয়েদুরাপ্পার ডায়েরি বিতর্কঃ আদালতের নজরদারিতে তদন্তের দাবি কারাটের
অভিযোগ ভিত্তিহীন, দাবি অরুণ জেটলির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation



