Take a fresh look at your lifestyle.

কংগ্রেস নয়, বিজেপিকে হারাতে দিল্লিতে আপকে সমর্থন সিপিএমের

কংগ্রেস নয়, দিল্লিতে বিজেপিকে রুখতে আম আদমি পার্টিকে সমর্থন জানাল সিপিএম। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে লোকসভা নির্বাচনে জয়ী করার জন্য দিল্লিবাসীর কাছে আবেদন জানাল তারা। বুধবার দিল্লি সিপিএমের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, দিল্লির ৭ টি লোকসভা কেন্দ্রে বিজেপির পরাজয় সুনিশ্চিত করতে আম আদমি পার্টিকে ভোট দিন সবাই। বিজেপিকে তীব্রভাবে বিঁধে ওই বিবৃতিতে বলা হয়, শেষ পাঁচ বছর কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের আমলে মুসলিম, দলিতদের উপর বহু অত্যাচারের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সাম্প্রদায়িকতার মাধ্যমে ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রিক অধিকারের ওপর থাবা বসাচ্ছে বিজেপি, অভিযোগ সিপিএমের। বিবৃতিতে লেখা হয়েছে, বিজেপি সৃষ্ট নব্য উদারনীতি দেশের বেকারত্ব যেমন বাড়িয়েছে, তেমনি অর্থনৈতিক বোঝা তৈরি করেছে। দেশের কৃষক ও শ্রমিক শ্রেণির দূরাবস্থা বিজেপি সরকারের আমলে তীব্র হয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম।
তবে দিল্লিতে বিজেপি ভোট ঠেকাতে বিকল্প হিসেবে কংগ্রেসকে মান্যতা দিতে নারাজ সিপিএম। বরং কংগ্রেসও নরম হিন্দুত্বের পথে হেঁটে নির্বাচনে জিততে চাইছে বলে অভিযোগ সিপিএমের। বিবৃতিতে সিপিএমের দাবি, বামেদের রুখে দেওয়ার লক্ষ্যে নরম হিন্দুত্বের কৌশল নিয়ে কেরলের ওয়েনাড় কেন্দ্রে প্রার্থী হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাছাড়া, দিল্লিতে বিজেপিকে নির্বাচনী চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে কংগ্রেস যোগ্য নয় বলেই মনে করছে সিপিএম। তাই বিজেপিকে ঠেকাতে দিল্লিতে আম আদমি পার্টিকে জয়ী করার আবেদন করা হয়েছে বিবৃতিতে।
আগামী ১২ই মে ষষ্ঠ দফায় দিল্লির লোকসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ রয়েছে।

Comments are closed.