Take a fresh look at your lifestyle.

পুর আধিকারিককে ব্যাট-পেটা কৈলাস বিজয়বর্গীয়র বিধায়ক পুত্রের, চাপের মুখে গ্রেফতার

সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়ে গ্রেফতার কৈলাস বিজয়বর্গীয়র পুত্র তথা বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। এটাই তাঁদের ‘পার্টি লাইন’, সংবাদমাধ্যমে বীরদর্পে ঘোষণা কৈলাস পুত্রের।
পুরসভার আধিকারিককে প্রথমে ব্যাট দিয়ে বেধড়ক মার, পরে ঘুঁষি বৃষ্টি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়। ভিডিওতে ব্যাট হাতে যথেচ্ছ মারধর করতে দেখা যায় পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র পুত্র তথা বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে। সরকারি আধিকারিকের গায়ে হাত তোলার অভিযোগে পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার ইন্দোরের একটি জায়গায় জবরদখল বিরোধী অভিযানে গিয়েছিলেন কর্পোরেশনের এক আধিকারিক। সেই সময় ওই আধিকারিকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ইন্দোরের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। এরপর আচমকাই ওই আধিকারিককে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন কৈলাস পুত্র। তাতে যোগ দেন আকাশ বিজয়বর্গীয়র অনুগামীরাও। বিধায়ক আকাশ বিজয়বর্গীয় ও তাঁর দলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়, ওই সরকারি আধিকারিক ঘুষ চেয়েছিলেন এবং এক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। যা দেখে নিজেকে সামলাতে পারেননি বিধায়ক। তাই জনসমক্ষে সরকারি আধিকারিককে বেধড়ক পিটিয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নিজে জনপ্রতিনিধি হয়ে কীভাবে একজন সরকারি আধিকারিকের গায়ে হাত তোলেন আকাশ বিজয়বর্গীয়, সেই প্রশ্ন তোলেন অনেকে।
যদিও এই ঘটনার জন্য ইন্দোরের বিজেপি বিধায়ক নিজে এতটুকুও অনুতপ্ত নন বলে জানিয়েছেন। তাঁর কথায়, অনৈতিকভাবে একটি বিল্ডিং ভাঙা হচ্ছিল। বারবার ওই সরকারি আধিকারিককে ফোন করেও তিনি তাঁকে পাননি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, ওই সরকারি আধিকারিক এলাকাবাসীর সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এতেই মেজাজ হারিয়ে ওই সরকারি আধিকারিককে মারধর করেন বলে জানান বিজেপি বিধায়ক। কিন্তু একজন সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়া, তাঁর গায়ে হাত তোলা কি আইন নিজের হাতে তুলে নেওয়া নয়? এর উত্তরে আকাশ বিজয়বর্গীয় জানান, ‘সবে শুরু, এভাবেই দুর্নীতি ও গুণ্ডামি নির্মূল করব, প্রথমে আবেদন, নিবেদন, তারপর দনাদন (মারধর), এটাই আমাদের পার্টি লাইন’। এই ঘটনার কয়েক ঘন্টা পর ইন্দোর পুলিশ গ্রেফতার করে বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে।

Comments are closed.