Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
27 July 2026

ডিগবাজি রামদেবের, প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই দরকার, বিজেপির মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা যোগগুরুর

কংগ্রেসের ন্যায় প্রকল্পের তীব্র সমালোচনা রামদেবের

ডিগবাজি রামদেবের, প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই দরকার, বিজেপির মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা যোগগুরুর

ইংরেজি বছরের শেষে মন্তব্য করেছিলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন বলা মুশকিল। কিন্তু বাংলা বছরের শুরুতেই গলায় ফিরল মোদী বন্দনার সুর। নিজের বক্তব্য থেকে ৩৬০ ডিগ্রি ডিগবাজি খেয়ে জয়পুরে বিজেপি প্রার্থী রাজ্যবর্ধন সিংহ রাঠোরের নির্বাচনী জনসভা থেকে রামদেব বললেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই দরকার। মোদীর হাতেই নিরাপদ দেশ।

কয়েক মাস আগেই সাংবাদিকদের যোগগুরু রামদেব হেঁয়ালি করে জানিয়েছিলেন, তিনি সব দলের সঙ্গে আছেন, আবার কারও সঙ্গেই নেই। পাশাপাশি, নরেন্দ্র মোদীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছিলেন। প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনারও দাবি করেছিলেন সে’সময়। গত বছরের ডিসেম্বরে এই রামদেবই মন্তব্য করেছিলেন, ২০১৯ সালে কে প্রধানমন্ত্রী হবেন তা বলা মুশকিল। রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছিল, তাহলে কি এবার শিবির বদল করতে চলেছেন যোগগুরু?
কিন্তু মঙ্গলবার রাজস্থানের জয়পুরে বিজেপি প্রার্থী রাজ্যবর্ধন সিংহ রাঠোরের সমর্থনে উপস্থিত হয়ে জল ঢাললেন জল্পনায়। ফের রামদেবকে দেখা গেল বিজেপির মঞ্চে। ভাষণে উঠে এলো মোদী প্রশস্তি, পাশাপাশি করলেন, কংগ্রেসের কড়া সমালোচনা।

মঙ্গলবার জয়পুরে রামদেব বলেন, আগামী ২০-২৫ বছরের মধ্যে ভারতকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করতে চাইলে, নরেন্দ্র মোদীর হাত শক্ত করতেই হবে। রামদেবের কথায়, নরেন্দ্র মোদীর হাতে এই দেশ নিরাপদ, সেনার ভবিষ্যৎ নিরাপদ, মহিলাদের সম্মান এবং কৃষকদের খেত নিরাপদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভারত মাতার গর্ব’ বলেও উল্লেখ করেন রামদেব। পাশাপাশি, কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পকে তীব্র কটাক্ষ করে বলেন, সময় এসেছে কংগ্রেসকে শাস্তি দেওয়ার। প্রতিটি বুথে আসল ‘ন্যায়’ প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেন রামদেব।
২০১৪ সালে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন যোগগুরু রামদেব। সেই সময় নরেন্দ্র মোদীকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করতেন। এরপর, বিজেপি শাসিত হরিয়ানার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছিলেন রামদেব। কিন্তু মাঝে রামদেবের সঙ্গে বিজেপির মনোমালিন্য হয় বলে সূত্রের খবর। সেই সময় রাহুল গান্ধীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন রামদেব। রামদেবের মোদী প্রীতিতে ঘাটতি দেখা যাচ্ছে বলে সেসময় কটাক্ষ করেছিল বিরোধীরা। কিন্তু ভোটের মুখে ফের বিজেপির হয়ে প্রচারে নেমে সমস্ত বিতর্কে জল ঢাললেন মোদীর ‘ঘনিষ্ঠ বন্ধু’ রামদেব।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজীব কুমারের, খারিজ রক্ষাকবচের সময়সীমা বৃদ্ধির আবেদন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation