Take a fresh look at your lifestyle.

লোকসভা ভোটে ব্যর্থতা, উত্তর প্রদেশে ভেঙে গেল অখিলেশ-মায়াবতী জোট

নির্বাচনের আগে বিএসপি নেত্রী মায়াবতী ঘোষণা করেছিলেন, বসপা-সপা জোট ঘুম উড়িয়ে দেবে মোদী-শাহ জুটির। কিন্তু ভোটের ফলাফলে তার কোনও ছাপ রাখতে না পেরে আপাতত ইতি পড়ল অখিলেশ-মায়াবতীর মহাজোটে।
সোমবার দলীয় কর্মীদের নিয়ে বৈঠকেই ইঙ্গিত দিয়েছিলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। মঙ্গলবার সেই ইঙ্গিতে সিলমোহর দিয়ে মায়াবতী জানিয়ে দেন, অখিলেশ যাদবের সঙ্গে তাঁদের জোট জাতীয় নির্বাচনে ব্যর্থ হওয়ায় উত্তর প্রদেশের আসন্ন ১১ টি আসনের উপনির্বাচনে তাঁর দল বিএসপি একাই লড়বে। মায়াবতীর কথায়, রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করা যায় না। মঙ্গলবার মায়াবতীর মন্তব্যের প্রেক্ষিতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশও জানান, যদি আলাদা লড়তেই হয়, তাহলে তাই হোক।
বিজেপিকে হারাতে পুরনো বিবাদ ভুলে সপা-বসপা জুটি ভোট ময়দানে লড়াই শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। উত্তর প্রদেশের ৮০ টি আসনের বিজেপি একাই পেয়েছে ৬২ টি। বসপা জিতেছে ১০ টি আসনে আর তাদের জোটসঙ্গী সমাজবাদী পার্টি পেয়েছে ৫ টি আসন। উত্তর প্রদেশে সপা-বসপা জোটের লাভ মাত্র ১৫ টি আসন। অন্যদিকে, বিজেপির ৯ জন বিধায়ক এবং সপা-বসপার ২ জন করে বিধায়ক এবার লোকসভা ভোটে জিতে সংসদে যাচ্ছেন। এর ফলে উপনির্বাচন জরুরি হয়ে পড়েছে ওই আসনগুলিতে। আগামী ছ’মাসের মধ্যে সেখানে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই প্রেক্ষিতেই বিধানসভা ভোট তিন বছর বাকি থাকতেই নিজের ঘর গোছাতে শুরু করেছেন মায়াবতী। সমাজবাদী পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোমবার মায়াবতী জানিয়েছিলেন, সপা নেতা অখিলেশ যাদব নিজের স্ত্রী ডিম্পলকেই জেতাতে পারেননি! নিজেদের শক্তিশালী দুর্গও রক্ষা করতে পারেনি সমাজবাদী পার্টি মন্তব্য করেন মায়াবতী। আর মঙ্গলবার জোট ভেঙে ফের একলা চলো নীতিই নিল দুই দল।

Comments are closed.